দুই বামপন্থী সংগঠন একীভূত হচ্ছে আজ
বামপন্থী রাজনৈতিক দল গণতান্ত্রিক মজদুর পার্টি ও গণসংহতি আন্দোলন একীভূত হয়ে একটি দলে পরিণত হচ্ছে। আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। একীভূত হওয়ার পর গণসংহতি আন্দোলন নামেই দলটির কার্যক্রম চলবে। গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘দেশ ও মানুষের জন্য কাজ করতে দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সে লক্ষ্যেই আমরা এক হচ্ছি।’ তাঁর দাবি, বামপন্থী আন্দোলনকে পুনর্গঠনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ এ দলটি ভূমিকা রাখবে। জানা গেছে, কয়েক মাস ধরেই একীভূত একটি সংগঠন গঠনের ব্যাপারে দল দুটির মধ্যে আলোচনা চলছিল। গত মাসের শেষের দিকে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন ইস্যুতে আমাদের একত্রে কাজ করার দীর্ঘ ধারাবাহিকতা রয়েছে। রাজনৈতিক বোঝাপড়া সুদৃঢ় হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা একটি দলে পরিণত হচ্ছি।’ সংগঠনের নেতারা জানান, তাঁরা ইতিমধ্যে একটি গঠনতন্ত্র তৈরি করেছেন। গঠনতন্ত্র মোতাবেক, সংগঠনের প্রধানের পদ হবে ‘সমন্বয়ক’। এ ছাড়া কেন্দ্রীয় পরিচালনা কমিটির অধীন একটি সমন্বয় পরিষদ গঠন করা হবে। আগামী শনিবার দলটির কেন্দ্রীয় পরিচালনা কমিটি গঠন করা হবে। অক্টোবরে সম্মেলন করার সিদ্ধান্ত রয়েছে বলে জানা গেছে।গণতান্ত্রিক মজদুর পার্টি ১৯৯৬ সালের ৩০ জুন এবং গণসংহতি আন্দোলন ২০০২ সালের ২৯ আগস্ট রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল।