দুই বাল্যবিবাহতে হঠাৎ ইউএনও গিয়ে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টায় দুটি বাল্যবিবাহের আয়োজনে আকস্মিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন গিয়ে হাজির হন। পরে দুই কনের অভিভাবকদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহ দুটি বন্ধ করেন তিনি।

শুক্রবার দুপুরে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন ও সিংধা ইউনিয়নে এ ঘটনা ঘটে। উভয় কনের বয়স ১৫ বছর। তারা পৃথক দুটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বারহাট্টা সাহতা ইউনিয়নের এক কিশোরীর বিয়ের আয়োজন করেছিল তার পরিবার। দুপুরে তার বিয়ে হওয়ার কথা ছিল। বর ছিলেন একই ইউনিয়নের সুরুজ আলীর ছেলে আশরাফ আলী (৩৪)। এ খবর পেয়ে ফরিদা ইয়াসমিন লোকজন নিয়ে আকস্মিকভাবে মেয়েটির বাড়িতে হাজির হন। প্রশাসনের উপস্থিতিতে পরিবারের লোকজন সটকে পড়ার চেষ্টা করেন। পরে ইউএনও দুই পরিবারকে ডেকে বাল্যবিবাহের কুফল বিষয়ে বোঝান। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া যাবে না—এমন শর্তে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা আদায় করেন।

এই বিয়ে বন্ধের পরপরই ইউএনওর মুঠোফোনে সিংধা ইউনিয়নের মল্লিকপুর দক্ষিণপাড়ায় আরও একটি বাল্যবিবাহের খবর আসে। সঙ্গে সঙ্গে তিনি ওই মেয়েটির বাড়িতে গিয়ে তার অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের কাছ থেকেও মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করেন।

ফরিদা ইয়াসমিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মেয়ে দুটি উপজেলার পৃথক মাধ্যমিক স্কুলে নবম শ্রেণিতে পড়ে। তাদের পরিবারকে বুঝিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গত সাড়ে তিন মাসে বারহাট্টা উপজেলায় অন্তত ১৪টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ওই দুই কিশোরীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি।