দুই বাসচালকসহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন চালক নিহত হয়েছেন। একই দিন সাতক্ষীরা শহরে এবং গত বুধবার মাগুরা সদর ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: বাগেরহাট-পিরোজপুর সড়কের বাগেরহাটের কচুয়া উপজেলার মাঠরাঢ়িপাড়া এলাকায় গতকাল সকালে ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শরণখোলাগামী অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দোলা পরিবহনের চালক শুকুর আলী (৪২) এবং শরণখোলাগামী বাসের চালক আবুল বাশার (৪৮) নিহত হন। শুকুর আলীর বাড়ি ফকিরহাট উপজেলার মানসা এবং আবুল বাশারের বাগেরহাট সদর উপজেলার বৈটপুর গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস একটি ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ভ্যানের যাত্রীরা সড়কের ওপর ছিটকে পড়লে বাসটি কাওছার আলীকে (৬৭) চাপা দেয়। এতে তিনি নিহত হন। তাঁর বাড়ি সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায়। পুলিশ কাওছার আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।মাগুরা: মাগুরা শহরের ঢাকা রোডে গত বুধবার মাইক্রোবাসের ধাক্কায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী নূর ইসলাম (৪০) নিহত হয়েছেন। মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বরিশাল: বাকেরগঞ্জ উপজেলার গোমা ফেরিঘাটের কাছে গত বুধবার যাত্রীবাহী বাসের চাপায় পলাশ রায় (৫) নামের এক শিশু নিহত হয়। সে একই উপজেলার গোপালপুর গ্রামের পংকজ রায়ের ছেলে।