দুই বাসের পাল্লা, প্রাণ গেল তিন যাত্রীর
আগে যাওয়ার জন্য পাল্লা দিয়ে চলছিল দুটি বাস। একটি বাস আগে গেলেও অপরটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে প্রাণ হারায় ওই বাসের তিন যাত্রী। আহত হন বাসের অন্তত ২০ জন।
গতকাল সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার আনোয়ার হোসেনের ছেলে কাউসার আহমেদ (২২), সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইন্তাজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০) ও মানিকগঞ্জ পৌর এলাকার নরেন্দ্র সাহার ছেলে বিশ্বজিৎ সাহা (৪০)। এঁদের মধ্যে সদর হাসপাতালে বিশ্বজিতের লাশের ময়নাতদন্ত করা হলেও অপর দুটি লাশ গোলড়া সড়ক থানা থেকে তাঁদের স্বজনেরা নিয়ে যান।
আহত ব্যক্তিদের মানিকগঞ্জ সদর ও সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সাভারের সুপার ক্লিনিকে চিকিৎসাধীন দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী মিজানুর রহমান বলেন, ধামরাইয়ের বারবারিয়া বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই তাঁদের বহনকারী ঢাকাগামী যাত্রীসেবা পরিবহনের বাসটি একই পরিবহনের আরেকটি বাসকে অতিক্রম করার চেষ্টা করছিল। একবার তাঁদের বাসটি আগে চলে যায় আবার অপর বাসটি তাঁদের বাসকে পেছন ফেলে আগে যায়। এভাবে পাল্লা দিয়ে চলার সময় শ্রীরামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাঁদের বাসের সংঘর্ষ হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী দুর্ঘটনাকবলিত পিকআপে থাকা মাছ ব্যবসায়ী আছর উদ্দিন বলেন, তাঁদের পিকআপটি চালক সঠিকভাবেই চালাচ্ছিলেন। কিন্তু মানিকগঞ্জের দিক থেকে পাল্লা দিয়ে আসা দুটি বাসের একটি সঙ্গে তাঁদের পিকআপের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোলড়া হাইওয়ে থানা ও ধামরাই থানার পুলিশ। পুলিশের এই দুই বিভাগের কর্মকর্তারাই লাশ ও দুর্ঘটনাকবলিত যানবাহন নিয়ে টানাহ্যাঁচড়া করেন। অবশেষে গোলড়া হাইওয়ে থানার পুলিশ লাশ ও যানবাহন দুটি তাদের থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশের সার্জেন্ট মেহেদি হাসান বলেন, দুর্ঘটনাস্থল ধামরাই থানা এলাকায় হলেও মহাসড়কের দায়িত্ব তাঁদের। এ কারণে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব তাঁদের ওপরই বর্তায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘যেহেতু দুর্ঘটনাস্থল ধামরাই থানা এলাকায়, তাই দায়িত্ব আমাদেরই। এ বিষয়ে কোনো মামলা হলে ধামরাই থানাতেই হবে।’