দুই বাসের পাল্লায় প্রাণ গেল দুই যাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে গতকাল রোববার রাতে একটি বাসের ধাক্কায় অন্য একটি বাস উল্টে দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বাস দুটি পাল্লা দিয়ে চলছিল বলে আহত যাত্রীরা জানিয়েছেন। এদিকে ওই দুর্ঘটনাকে নাশকতা মনে করে তাড়াহুড়ো করে ট্রাক পেছানোর সময় চাকার তলে পড়ে ওই ট্রাকেরই কিশোর হেলপার গুরুতর আহত হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাত নয়টার দিকে শিশুপার্কের উল্টো দিকে মিরপুর থেকে সদরঘাটগামী তানজীল পরিবহনের একটি বাস উল্টে এই দুর্ঘটনা ঘটে। চলন্ত বাসটিকে পাশ থেকে ধাক্কা দেয় একই পথে চলাচলকারী বিহঙ্গ পরিবহনের একটি বাস। নিহত ব্যক্তিরা হলেন মোশাররফ হোসেন ওরফে বিল্টু (৩৫) ও আসাদ মীর (৪০)। নিহত ব্যক্তিদের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে। দুজনই পেশায় আসবাবের রংমিস্ত্রি। ন মিনিটের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে।
এদিকে ওই দুর্ঘটনার সময় বাস দুটির পেছনে ছিল একটি ট্রাক। দুর্ঘটনায় বাসটি উল্টে পড়লে ট্রাকচালক খোরশেদ আলম ঘটনাটিকে নাশকতা মনে করেছিলেন। তিনি তাঁর সহকারী (হেলপার) ও শ্যালক পারভেজকে (১৫) ট্রাক থেকে নেমে গাড়িটি পিছিয়ে নেওয়ার জন্য সাহায্য করতে বলেন। তাড়াহুড়োয় মালভর্তি ট্রাকের পেছনের চাকা পারভেজের পায়ের ওপর উঠে গেলে তার দুটো পা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। গুরুতর আহতাবস্থায় পারভেজকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করিয়েছেন খোরশেদ। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।