দুই বাসের প্রতিযোগিতা প্রাণ গেল মা-ছেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে চালানো বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা-ছেলের।
রাজধানীর উত্তরার আজমপুরে গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত রুমা বেগম (২৫) তিন বছরের ছেলে আলিফকে নিয়ে আজমপুর এলাকায় ভিক্ষা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে গাজীপুরগামী বলাকা পরিবহন ও তিন নম্বর রুটের দুটি বাসের চালক প্রতিযোগিতা করে বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। আজমপুরের কাছে এসে কে আগে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলবে সে জন্য দুটি বাসই বেপরোয়াভাবে চালাতে শুরু করেন চালকেরা। এ সময় তিন নম্বর রুটের বাসটির ধাক্কায় নিহত হন রুমা বেগম ও তাঁর ছেলে আলিফ। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ বাসটি আটক করে। তিন নম্বর রুটের বাসটির চালক বিল্লাল হোসেনকে আটক করতে পারলেও অন্যটির চালক পালিয়ে গেছেন।
উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত নারী ওই এলাকায় ভিক্ষা করতেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় রুমা ও আলিফকে উদ্ধার করে দুটি পৃথক বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, আগেই (সম্ভবত ঘটনাস্থলেই) তাঁদের মৃত্যু হয়েছে। নিহত রুমা টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় ছেলেকে নিয়ে থাকতেন। তাঁর স্বামীর নাম আবুল কালাম বলে জানা গেছে।