দুই বাসের সংঘর্ষ, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া এলাকায় আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ১০ জন অগ্নিদগ্ধসহ ২০ জন আহত হয়েছেন। আহত লোকজনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজদিখানের চালতিপাড়া এলাকায় ঢাকা থেকে মাওয়াগামী গুনগুন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ইলিশ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুনগুন পরিবহনের বাসে আগুন লেগে বাসের চালক বাদশা মিয়াসহ (৫০) তিনজন পুড়ে মারা যান। নিহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, দুর্ঘটনায় আগুনে পুড়ে নিহত তিনজনকে চেনা যাচ্ছে না। লাশের পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষা করতে হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।