দুই বাসের সংঘর্ষে একই পরিবারের নয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের এক সদস্যের আকিকা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ কেড়ে নিল পরিবারটির নয় সদস্যের প্রাণ। নিহত ব্যক্তিদের মধ্যে চার ভাইয়ের চার স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে ও এক নাতি রয়েছেন। গত শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বোয়ালিয়ায় ঢাকা-রংপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। এতে বাসের এক চালকও নিহত হন। আহত হন দুটি বাসের কমপক্ষে ২৫ জন যাত্রী।নিহত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জের নাকাই ইউনিয়নের খুকশিয়া কালুগাড়ি গ্রামের প্রয়াত আফতাব উদ্দিনের স্ত্রী মারিয়া বেগম (৬৫) ও মেয়ে মালতি বেগম (৫০), আফতাবের ছোট ভাই কাওসারুল ইসলামের স্ত্রী শাহানা পারভীন (৫৩), আরেক ছোট ভাই আবুল কাশেমের স্ত্রী শামছুন্নাহার বেগম (৫০) ও দুই মেয়ে শাহানা আকতার (৩৫) ও সালমা আকতার (৩২); তিন ভাইয়ের চাচাতো ভাই আবদুল মতিন মিয়ার স্ত্রী সোনালী বেগম (৪৫), ছেলে সাব্বির মিয়া (১২) ও নাতি রিজু (৭) মারা গেছেন। নিহত বাসচালক দিলীপ কুমার রায়ের (২৬) বাড়ি গোবিন্দগঞ্জের রামচন্দ্রপুর গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার আফতাবের নাতির আকিকা অনুষ্ঠান ছিল গোবিন্দগঞ্জের রাখাল বুরুজ ইউনিয়ের চকমাকড়া গ্রামে। সেখানে যেতে ১৫ জন আত্মীয়স্বজন নিয়ে বগুড়াগামী একটি বাসে ওঠেন তাঁরা। বিকেল সাড়ে চারটার দিকে বাসটি বোয়ালিয়ায় পৌঁছালে ঢাকা থেকে রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আফতাবদের বহনকারী বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে তিনজন ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ছয়জন মারা যান। রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বগুড়াগামী বাসের চালক দিলীপ। দুর্ঘটনায় আহত হন উভয় বাসের ২৫ জন যাত্রী। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।একসঙ্গে নয়জনকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন আফতাবদের স্বজনেরা। গোবিন্দগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন নিহত রিজুর মা রঞ্জনা বেগম জানান, দুর্ঘটনার পরপর চিৎকার শুনে লোকজন তাঁদের উদ্ধার করেন। তিনি প্রাণে বাঁচলেও তাঁর ছেলে রিজুকে বাঁচানো যায়নি। এই বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। থানায় মামলা হয়েছে।