দুই বাসের সংঘর্ষে একটি তুরাগে, ৭ লাশ উদ্ধার

ঢাকার অদূরে তুরাগ থানার ধোউর সেতুর পূর্বপাশে আজ মঙ্গলবার সকালে যাত্রীবাহী দুটি মিনিবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি বাস তুরাগ নদে পড়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত ওই বাস থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামীণ সেবা পরিবহনের একটি মিনিবাস উত্তরার আবদুল্লাহপুর থেকে নবীনগর যাচ্ছিল। সকাল নয়টার দিকে তুরাগ থানা এলাকায় অবস্থিত ধোউর সেতুর পূর্বপাশে বিপরীত দিক থেকে আসা অপর একটি মিনিবাসের সঙ্গে গ্রামীণ সেবা পরিবহনের সংঘর্ষ হয়। এতে গ্রামীণ সেবা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা দুপুর ১২টা পর্যন্ত নদে পড়ে যাওয়া গ্রামীণ সেবা পরিবহনের বাসটি থেকে সাতজনের লাশ উদ্ধার করেন। উদ্ধার অভিযান চলছে।
নৌবাহিনীর ডুবুরি দলের কর্মকর্তা লেফটেন্যান্ট রাসেল হাওলাদার জানান, নদে পড়ে যাওয়া বাসটিতে আরও লাশ রয়েছে। এসব লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
আশুলিয়া থানা থেকে জানানো হয়, গ্রামীণ সেবা পরিবহনের বাসটিতে ২৫-৩০ জন যাত্রী ছিলেন।
ফায়ার বিগ্রেডের সদর দপ্তরের স্টেশন কর্মকর্তা সরকার শফিউল্লাহ দিদার জানান, নদীতে বাসের অবস্থান শনাক্ত করা হয়েছে। বাসটি প্রায় ২০ ফুট পানির নিচে। পুলিশের দুটি ক্রেন এনে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।