দুই বাসের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের বাগুন্দা এলাকায় আজ মঙ্গলবার বিকেলে দুটি বাসের সংঘর্ষ হয়। এতে একটি বাসের চালকের সহকারী মো. আল আমিন (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে চারটার দিকে বাগুন্দা এলাকায় হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। এ সময় শ্যামলী বাংলা পরিবহনের চালকের সহকারী আল আমিন নিহত হন। দুটি বাসের কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হন। এঁদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে তারাকান্দা থানার পুলিশ ও ফুলপুর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাস দুটি উদ্ধার করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। লাশ থানায় আছে।