দুই বাসের সংঘর্ষে নিহত ২
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর দুগ্ধখামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ ধারণা করছে নিহত নারীর বয়স ৪০ বছরের মতো আর শিশুটির বয়স ৬ বছরের মতো হবে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে বগুড়াগামী হানিফ এন্টারপ্রাইজ ও বিপরীত থেকে যাওয়া ঢাকাগামী সালমা এন্টারপ্রাইজ বাসের মধ্যে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পর সালমা নামের বাসটি মহাসড়কের পূর্বপাশে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লোকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ।
ঘটনাস্থলে কর্তব্যরত শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, নিহত দুজন ঢাকাগামী সালমা বাসের যাত্রী ছিল। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।