দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ২৫ জন যাত্রী। গতকাল শনিবার বেলা একটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণশাসন (তেরোমাইল) নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি। হাসপাতালে নিহত ব্যক্তি হচ্ছেন মৃদুল দেব (৩৪)। তাঁর বাড়ি বালাগঞ্জের ওসমানীনগর থানার তেরোহাটি গ্রামে। ওসমানীনগর থানার ওসি আল আমিন ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনটি মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাশ কাটিয়ে যাওয়ার সময় সিলেটগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের যাত্রী অজ্ঞাত নামা এক বৃদ্ধ নারী ও ছয়-সাত বছর বয়সী দুই ছেলে শিশু মারা যায়। খবর পেয়ে তাজপুর থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার পরপর মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় খালেদা জিয়ার সমাবেশে যাওয়ার উদ্দেশে বিভিন্ন এলাকা থেকে বের হওয়া সিলেটমুখী শত শত যানবাহন আটকা পড়ে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবির ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি বাস মহাসড়ক থেকে অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার পর মহাসড়ক পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোয় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) কাছে মহাসড়ক পুলিশের দায়িত্বে অবহেলার কথা জানান।
এনামুল কবির মহাসড়ক পুলিশ সম্পর্কে বলেন, ‘আমরা তাদেরকে (হাইওয়ে পুলিশ) দায়িত্বশীল হওয়ার কথা বললেও তারা দায়িত্বশীল হচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
ট্রাকচাপায় যুবক নিহত
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি জানান, সিলেট-তামাবিল সড়কে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। যুবকের নাম আফসর মিয়া (২১)। তিনি সিলেট সদর উপজেলার খাদিমপাড়া গ্রামের নূর মিয়ার ছেলে। গত শুক্রবার বাইপাস সড়কে রাস্তা পার হওয়ার সময় সিলেট থেকে তামাবিলগামী একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আফসরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তামাবিল হাইওয়ের এসআই কামাল আহমদ জানান, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।