দুই বাহকের বিয়ে বন্ধ করে থ্যালাসেমিয়া ঠেকানো সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। তবে বিয়ের আগে রক্ত পরীক্ষা করে এই রোগ প্রতিরোধ সম্ভব। ছেলে মেয়ে দুজনই এ রোগের বাহক হলে তাদের বিয়ে রোধ করে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা যায়। এর জন্য সচেতনতা বাড়াতে সরকারি উদ্যোগ প্রয়োজন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজের সেমিনার হলে ‘থ্যালাসেমিয়া সচেতনতা ও বাহক শনাক্তকরণ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল ও শহীদ খালেক এবং মেজর সালেক বীর উত্তম ট্রাস্ট যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক শাহলা খাতুন বলেন, রক্ত পরীক্ষা করে দুই বাহকের মধ্যে বিয়ে রোধ করা গেলে থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্ভব। বাকি সব প্রতিরোধ ব্যবস্থা অনেক ব্যয়বহুল ও কঠিন। মাসে মাসে রোগীর জন্য প্রচুর রক্ত লাগে, যার ব্যয় অনেক।

থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। ত্রুটিযুক্ত জিনের কারণে এ রোগ হয় বলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের চিকিৎসক এ কে এম একরামুল হোসেন। তিনি বলেন, থ্যালাসেমিয়া রোগীর রক্তশূন্যতা হয়, নিয়মিত রক্ত লাগে। কিন্তু, এর জন্য প্রতি মাসে ২০ হাজার টাকাও খরচ হয়। তাই সবাইকে সচেতন করা প্রয়োজন। প্রয়োজন সরকারি উদ্যোগে সচেতনতা ও কার্যক্রম।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের দেড় কোটিরও বেশি মানুষ থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন-ই রোগের বাহক। যা মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ। ৯০ হাজার শিশু এই রোগে ভুগছে। প্রতিবছর ১৪ থেকে ১৫ হাজার শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করে। এ ছাড়া সারা বিশ্বের ১.৬ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত।

গ্রিন লাইফ হাসপাতালের শিশু বিভাগের প্রধান কাজী রাকিবুল ইসলাম বলেন, বাবা-মা বাহক হলে শিশুর এই রোগ হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ। আমরা চাই জন্মগতভাবে ত্রুটি নিয়ে যেন কোনো শিশু আর না জন্মায়।’

গত বছর বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল ১২৪ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষার করায়। এ বছর তাঁরা রাজধানীর পাঁচটি প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থীকে বিনা মূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা করবে।

আলোচনা সভায় শিশু হাসপাতালের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞানের প্রধান সমন্বয়কারী ওয়াকার আহমেদ খান, গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক এম এ আজহার, অধ্যাপক শামসুদ্দীন আহমেদ, অধ্যাপক শাফী আহমেদ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।