দুই বাড়িতে ডাকাতি, ১৮ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিষনন্দী ইউনিয়নের পৃথক দুটি গ্রামে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই দুই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হামলায় আহত হয়েছে নারীসহ অন্তত পাঁচজন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।হামলায় আহত ব্যক্তিরা ও এলাকাবাসী জানান, ভোররাত তিনটার দিকে কড়ইতলা গ্রামের বাসিন্দা সামছুল হকের বাড়িতে ৩০-৪০ জন মুখোশধারী ডাকাত হানা দেয়। তারা কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। তারা আড়াই লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার, একটি ভিডিও ক্যামেরা, একটি ডিভিডি, দুটি মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময়ে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটালে তাতে সামছুল হকের স্ত্রী আবেদা খাতুন, ছেলে সবুজ, লোকমান, সামছুল হকের নাতি রবিউল্লাহ ও তাঁর প্রতিষ্ঠানের শ্রমিক কালাম আহত হয়। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরপর একই ডাকাত দল বিষনন্দী গ্রামে সাবেক ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেনের বাড়িতে হানা দেয়। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৭৫ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।