দুই বাড়ির নয়জনকে অজ্ঞান করে মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের দুটি বাড়ি থেকে একটি প্রতারকচক্র স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। প্রতারকচক্রের সদস্যরা কৌশলে ওই দুই বাড়ির নয়জনকে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে এ ঘটনা ঘটায়। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।গতকাল বৃহস্পতিবার ভোরে আগৈলঝাড়া থানার পুলিশ মুমূর্ষু অবস্থায় ওই নয়জনকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তাঁরা হচ্ছেন আলমগীর হোসেন (৫৫), তাঁর স্ত্রী শিউলী বেগম (৪৫), ভাগ্নি মিনি খানম (১৯), মো. আইয়ুব আলী (৪৫), মো. রইচুল ইসলাম (২৫), প্রবাসী শহিদ ফকিরের বাবা হাসেম ফকির (৬৫), স্ত্রী রোকেয়া বেগম (৫০), পুত্রবধূ মুন্নী বেগম (২২) ও ভাতিজা সুমন ফকির (১৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন ফকির ও একই বাড়ির প্রবাসী শহিদ ফকিরের ঘরের খাবারের সঙ্গে বুধবার রাতে অজ্ঞাতনামা প্রতারকচক্র চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাখে। রাত ১০টায় এ খাবার খেয়ে ওই দুই পরিবারের সবাই অচেতন হয়ে পড়েন। এ সুযোগে প্রতারকচক্র ওই দুই বাড়ি থেকে মূল্যবান মালামাল নিয়ে যায়। গতকাল ভোরে প্রতিবেশীরা ওই দুই পরিবারের ঘরের দরজা খোলা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় উল্লিখিত নয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুধু মুন্নী বেগমের জ্ঞান ফেরে। তবে তিনি কোনো কথা বলতে পারেননি।আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নির্মল কান্তি জানান, সাধারণত বাস ও লঞ্চে যেসব দ্রব্য খাইয়ে লোকজনকে অজ্ঞান করা হয়, সেসব দ্রব্যই খাবারের সঙ্গে মিশিয়ে ওই নয়জনকে খাওয়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।