রাজধানীর মহাখালীতে সোয়া দুই বিঘা জমি নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দুই অধিদপ্তরের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এই জমি ১৯৭৬ সালে প্রতি বিঘা আট লাখ টাকা করে রাজউকের কাছ থেকে বরাদ্দ নিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এখন জমিটি স্বাস্থ্য অধিদপ্তরকে বরাদ্দ দিতে চাইছে। যথারীতি আপত্তি করছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মীর আলী রেজা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘অনতিবিলম্বে জায়গাটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা যেতে পারে। পরবর্তীতে যথা নিয়মে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে জমির ক্রয় মূল্য পরিশোধ করা যেতে পারে।’পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এ চিঠি আসার পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, পরিবার পরিকল্পনা গবেষণা ইনস্টিটিউট নির্মাণের জন্য জমিটি রাজউকের কাছ থেকে কিস্তিতে নেওয়া হয়েছে। তাই এ জমি স্বাস্থ্য অধিদপ্তরকে দেওয়ার সুযোগ নেই। তা ছাড়া রাজধানীর তেজগাঁও-মহাখালীসহ বিভিন্ন এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক বিঘা জমি আছে। প্রয়োজন হলে তারা ওইসব জমি ব্যবহার করতে পারে।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এ চিঠির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী রোববার মন্ত্রণালয়ে সভা ডেকেছে। এ সভায় রাজউক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডাকা হয়েছে। স্বাস্থ্যসচিব হুমায়ন কবির এ সভায় সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।জানতে চাইলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক দিলরুবা গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্পত্তি অধিদপ্তরের কাজে লাগানোই সমীচীন বলে আমরা মনে করি। রোববারের সভায় এ বিষয়টি উত্থাপন করব।’স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রহুল হক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, জমির মালিকানার বিষয়টি দেখার জন্যই বৈঠক ডাকা হয়েছে। সভায় বিষয়টির নিষ্পত্তি হবে বলে তিনি আশা করছেন।