দুই বিচারককে শপথ পড়ালে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের দুই বিচারককে শপথ না পড়াতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। গতকাল সোমবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করারও হুঁশিয়ারি দেন তিনি।খন্দকার মাহবুব বলেন, ‘বিচারপতি নিয়োগে যেন নিয়মনীতি অনুসরণ করা হয়। রাজনৈতিক বিবেচনায় কোনো বিতর্কিত ব্যক্তিকে বিচারপতি নিয়োগ দিলে সমিতি মেনে নেবে না। তাঁদের শপথ পড়ালে প্রতিবাদ জানাব। আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলে অনেক যোগ্য আইনজীবী রয়েছেন। তাঁদের মধ্য থেকে বিচারপতি নিয়োগ দিলে সমিতির কোনো আপত্তি নেই।’ সভাপতির কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক এম বদরুদ্দোজা, সহসম্পাদক মোর্শেদ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।সম্পাদক বদরুদ্দোজা বলেন, উচ্চ আদালতের রায়ের আলোকে বিচারপতি নিয়োগের বিধিমালা তৈরি করতে হবে। উভয় বিভাগে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যেন জ্যেষ্ঠতা লঙ্ঘন করা না হয়। দুই বিচারপতিকে শপথ পড়ানো হলে আদালত বর্জনের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।নতুন প্রধান বিচারপতি প্রসঙ্গে খন্দকার মাহবুব বলেন, ‘প্রধান বিচারপতির প্রতি আমরা এখন পর্যন্ত খুশি। ভবিষ্যতে কী হবে জানি না। তাঁর পূর্বসূরি যেখানে শপথ পড়াননি, আশা করি তিনিও দুজনকে শপথ পড়াবেন না।’ তিনি বলেন, ‘আশা করি, অবিলম্বে রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ বাতিল করবেন।’শপথ না পাওয়া বিচারক রুহুল কুদ্দুস সম্পর্কে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘তিনি ফৌজদারি মামলার আসামি। তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।’ আরেক বিচারপতি প্রধান বিচারপতির এজলাস কক্ষের দরজা ভাঙচুর করেননি, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ভাঙচুর করেছেন—অ্যাটর্নি জেনারেলের এমন বক্তব্য তুলে ধরে সমিতির সভাপতি বলেন, ‘ভাঙচুরকারী, ভাঙচুরকারীই।’