দুই বিচারককে সরিয়ে নিতে প্রধান বিচারপতিকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আদালতের দুই বিচারককে আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা তিন ঘণ্টা সমিতির নির্বাহী কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী। সভায় দুই বিচারককে সরানোর বিষয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যায় ডাকযোগে চিঠি পাঠানো হয়।

চিঠির অনুলিপি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং সচিবকেও পাঠিয়েছে সমিতি।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এবং ট্রাইব্যুনাল-২-এর বিচারকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ উঠেছে। তাঁদের চট্টগ্রাম থেকে সরিয়ে নিতে আইনজীবী সমিতির নির্বাহীর কমিটির সদস্যরা গত ৭ আগস্ট আইনমন্ত্রী ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে হাইকোর্টের একজন বিচারপতি চট্টগ্রাম আদালত ভবন পরিদর্শনে এলে তাঁকেও ওই দুই বিচারকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়টি জানানো হয়। দুই বিচারককে সরিয়ে দেওয়ার জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এক সপ্তাহ সময়সীমা বেঁধে দিয়েছে। এর মধ্যে দাবি মানা না হলে সমিতির সাধারণ সভা ডেকে ওই দুই বিচারকের আদালত বর্জনের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

কফিল উদ্দিন চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতির কাছে অনেক আগে আমরা চট্টগ্রামের ছয়জন বিচারকের তালিকা দিয়ে তাঁদের সরিয়ে নিতে আবেদন করি। আমরা এবারও প্রধান বিচারপতির কাছে এই দুই বিচারক সম্পর্কে অভিযোগ দিতে বাধ্য হলাম। বিচারাঙ্গনের ভাবমূর্তির স্বার্থে প্রধান বিচারপতি এই দুই বিচারককে সরিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি।’