চট্টগ্রাম আদালতের দুই বিচারককে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজ উদ্যোগে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। একই সভায় দুর্নীতিবাজ ১৩-১৪ জন পেশকার ও সেরেস্তাদারকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। নইলে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে অভিযোগ পাঠানো হবে। গতকাল মঙ্গলবার সমিতির এক সভায় এ সিদ্ধান্ত হয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজ উদ্যোগে সরে যাওয়ার জন্য চট্টগ্রাম জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শহীদুল আলম এবং বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানকে পরামর্শ দিয়েছে আইনজীবী সমিতি। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় গতকাল সমিতি বৈঠক করে তাঁদের সরে যাওয়ার পরামর্শ দেয়। সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি চন্দন দাশ। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছে। এর সঙ্গে ১৩-১৪ জন পেশকার ও সেরেস্তাদার জড়িত।