দুই বিচারককে সরে যেতে সময় বেঁধে দিল আইনজীবী সমিতি!
চট্টগ্রাম আদালতের দুই বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁদের এক মাসের মধ্যে সরে যাওয়ার সময় বেঁধে দিয়েছে জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার বিকেলে সমিতির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।জেলা আইনজীবী সমিতির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমিতির মিলনায়তনে গতকাল বিকেলে এ সভা হয়েছে। এই দুই বিচারক হলেন চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এ বি এম নিজামুল হক এবং চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক (যুগ্ম জেলা জজ পদমর্যাদার) মো. মাহবুবুল আলম। তবে আইনজীবী সমিতির এই সিদ্ধান্তের সঙ্গে আইনজীবীদের একটি অংশ একমত নয়। তারা মনে করছে, বিশেষ উদ্দেশ্যে বিচারকদের বিতর্কিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে একাধিক জ্যেষ্ঠ আইনজীবী মনে করছেন। সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সাত্তার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘দুই বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই তাঁদের এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাঁরা যেন চট্টগ্রাম ছেড়ে চলে যান। এর আগে তাঁদের সঙ্গে আইনজীবী নেতারা কথা বলে সমিতির সিদ্ধান্তের কথা জানাবেন।’ সাধারণ সভায় অংশ নেওয়া একজন জ্যেষ্ঠ আইনজীবী নাম প্রকাশ না করার অনুরোধ করে প্রথম আলোকে বলেন, ‘দুই বিচারকের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু আইনজীবী তাঁদের আদালত বর্জনের পক্ষে মত দেন। এই প্রস্তাব বাস্তবসম্মত নয় বিধায় অনেকে তা সমর্থন করেননি। কিন্তু যে দুই বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে, তার মধ্যে রাজনৈতিক গন্ধ খুঁজে পাচ্ছি আমরা।’ এই জ্যেষ্ঠ আইনজীবী আরও বলেন, ‘কারণ, এই বিচারকের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ করা যাবে না, বরং বিরোধী দলের রাজনৈতিক নেতাদের জামিন নিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সিএমএম সাহেবকে দুর্নীতিবাজ হিসেবে অভিহিত করা হচ্ছে, যা দুঃখজনক।’প্রসঙ্গত, দ্রুত বিচার আইনে করা মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে বিভিন্ন সময়ে জামিনের আবেদন করে আসছেন। বিশেষ করে প্রভাবশালী নেতাদের জামিন নামঞ্জুরের ঘটনায় আদালত অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। এর জের ধরে মুখ্য মহানগর হাকিমের বিরুদ্ধে একটি অংশ বিষোদ্গার করতে থাকেন। এরই ধারাবাহিকতায় গতকাল বিশেষ সাধারণ সভা ডেকে দুজন বিচারককে সময়সীমা বেঁধে দেওয়া হয়।