দুই বিচারকের আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছর আগে ঝালকাঠিতে জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ের স্মরণে সভা করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। সভায় বক্তরা বলেন, তাঁদের আত্মত্যাগ বিচার বিভাগের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুই বিচারক তাঁদের জন্য অনুপ্রেরণা।
গতকাল সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, স্পেশাল অফিসার হোসনে আরা আকতার, অতিরিক্ত রেজিস্ট্রার এস এম এরশাদুল আলম ও অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বক্তব্য দেন।
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা করে হত্যা করা হয়। গতকাল ১৪ নভেম্বর ছিল তাঁদের ১১তম মৃত্যুবার্ষিকী। দুই বিচারক হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, শায়খের ভাই আতাউর রহমান সানি, খালেদ সাইফুল্লাহ, আসাদুল ইসলাম আরিফসহ আসামিদের ফাসি কার্যকর হয়েছে।