রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম মো. সাম্স উদ্দিন খালেদ ও অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাবরিনা আলীকে প্রত্যাহারের দাবিতে কাল রোববার থেকে তাঁদের আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের কর্মসূচি দিয়েছে রাঙামাটি জেলা আইনজীবী সমিতি।
গতকাল শুক্রবার সমিতির সাধারণ সম্পাদক হ্লাথোয়াই মারমা প্রথম আলোকে বলেন, ৬ অক্টোবর শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সমিতির বিশেষ বার্ষিক সাধারণ সভা হয়। সমিতির সহসভাপতি উথোয়াই মং মারমার সভাপতিত্বে সাধারণ সভায় সাম্স উদ্দিন খালেদ ও সাবরিনা আলীকে রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য তাঁদের আদালত বর্জনের সিদ্ধান্ত হয়। জেলা আইনজীবী সমিতির বিশেষ বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণীতে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম কার্যালয়ের নাজির ও নকল শাখায় দুর্নীতির প্রশ্রয় দেওয়াসহ দুই বিচারকের বিরুদ্ধে ছয়টি অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মো. সাম্স উদ্দিন খালেদ বলেন, ‘আইনজীবীরা অভিযোগ নিয়ে কখনো আমার কাছে আসেননি।’ আদালতের একটি সুবিধাভোগী গোষ্ঠী তাঁদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে বলে তিনি উল্লেখ করেন।
রাঙামাটি আইনজীবী সমিতির বিশেষ বার্ষিক সাধারণ সভায় ৩৬ জন আইনজীবীর উপস্থিতির স্বাক্ষর রয়েছে। তবে সমিতির বর্তমান সদস্য ৫২ জন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হ্লাথোয়াই মারমা বলেন, সমিতির সভাপতি হজ করতে গেছেন। এ ছাড়া অনুপস্থিত সদস্যরা সমিতির তালিকাভুক্ত হলেও বিভিন্ন পেশায় জড়িত থাকার কারণে তাঁরা আদালতে আসেন না।