দুই বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় এক আসামির জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করা এবং না করার বিষয়ে দুই বিচারকের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে মাগুরার জেলা ও দায়রা জজ এবং ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারককে লিখিতভাবে ২২ মার্চের মধ্যে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করে গতকাল সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। জামিন নামঞ্জুর করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের দেওয়া আদেশের বিরুদ্ধে আসামি আহমেদ সবুজ আপিলটি করেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আমিমুল এহসান জুবায়ের। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
আইনজীবী আমিমুল এহসান জুবায়ের প্রথম আলোকে বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের কোনো মামলায় অভিযোগ আমলে নেওয়ার আগ পর্যন্ত ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালত শুনানি গ্রহণ করবেন। তবে মাগুরার দায়রা জজ ওই জামিন আবেদন শুনানিতে মৌখিকভাবে অস্বীকৃতি জানান। অন্যদিকে এই আইনের মামলা আমলে নেওয়ার আগ পর্যন্ত সাইবার ট্রাইব্যুনাল শুনানি করতে পারেন না। কিন্তু মামলা আমলে নেওয়ার আগে সাইবার ট্রাইব্যুনালের বিচারক এখতিয়ারের বাইরে জামিনের শুনানি গ্রহণ করেন ও তা খারিজ করেন। শুনানিকালে বিষয়টি নজরে এলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে ওই দুই বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছেন।
আইনজীবী সূত্র বলেছে, ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর আহমেদ সবুজের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মাগুরার মহম্মদপুর থানায় এজাহার করা হয়। এই মামলায় মাগুরার ম্যাজিস্ট্রেট আদালতে সবুজের জামিন নামঞ্জুর হয়। এরপর মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে তিনি জামিন চান। গত ১৭ নভেম্বর দায়রা জজ আদালত তা শুনতে অস্বীকৃতি জানান। পরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সবুজ জামিন চেয়ে আবেদন করেন। ২৬ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনালের বিচারক জামিন নামঞ্জুর করেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সবুজ, যা সোমবার শুনানির জন্য ওঠে।