দুই বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের কর্মসূচি
চট্টগ্রামে মুখ্য মহানগর হাকিম এবং অর্থঋণ আদালতের দুই বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাঁদের এজলাসকক্ষের সামনে প্রতীকী কর্মসূচি পালন করেছে আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সমিতির সদস্যরা এই কর্মসূচি পালন করেন। চট্টগ্রাম আইনজীবী সমিতি গতকাল সকালে বিচারক এ বি এম নিজামুল হক এবং মাহবুবুল আলমের আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এর আগে ১১ জুলাই সমিতির এক সাধারণ সভায় দুই বিচারকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁদের সরিয়ে দিতে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ জানান, দুই বিচারকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাঁদের সরে যেতে এক মাসের সময় দেওয়া হয়। কিন্তু তাঁরা এখনো বহাল আছেন। মহানগর আদালতের সাবেক পিপি আবদুস সাত্তার বলেন, ‘আগামী সপ্তাহ পর্যন্ত আমাদের প্রতীকী কর্মসূচি চলবে।’আইনজীবী সমিতির সদস্য ও মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ বলেন, ‘বিচারকসহ যেকোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে। সেই অভিযোগের সত্যতা আছে কি না তা যাচাই করে দেখা উচিত ছিল আইন মন্ত্রণালয়ের। তবে দুই বিচারকের বিরুদ্ধে পরিপূর্ণভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর কঠিন কর্মসূচি দিলে আমাদের কোনো আপত্তি ছিল না। আর যেকোনো কর্মসূচি পালন নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে।’