দুই বিচারপতিকে বিরত রাখতে করা সাঈদীর আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানিতে দুই বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখতে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
পরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সাঈদীর আপিলের ওপর তৃতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন। বেঞ্চের অন্য চারজন হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। রোববার আবার শুনানি হওয়ার কথা।
গতকাল শুনানিতে সাঈদীর পক্ষে আইনজীবী এস এম শাহজাহান মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া রায়ের ৩০ থেকে ৮৪ পৃষ্ঠা পর্যন্ত পাঠ করেন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং সাঈদীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
গত বুধবার বেঞ্চের দুই বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখার আবেদন করেন সাঈদী। গতকাল সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ শুনানি নিয়ে আবেদন খারিজ করেন। এই আবেদনের শুনানি গ্রহণ থেকে সংশ্লিষ্ট দুই বিচারপতি বিরত ছিলেন।
এর আগে জামায়াতের অপর নেতা আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানিতেও একই ধরনের আবেদন করেছিল আসামিপক্ষ। আপিল বিভাগ ওই আবেদনও খারিজ করেছিলেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে। আপিলে আসামিপক্ষ মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে সাঈদীকে খালাসের আরজি জানায়। রাষ্ট্রপক্ষ আপিলে ওই ছয়টি অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চেয়েছে।