দুই বিচারপতিকে বিরত রাখতে সাঈদীর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

একাত্তরে মুক্তিযুদ্ধ-কালের মানবতা-বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই শুনানি গ্রহণ করেন।বেঞ্চের অপর চারজন হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। বেঞ্চের দুই বিচারপতিকে এই বিচারকাজ থেকে বিরত রাখার (রিকিউজাল) জন্য পৃথক আবেদন করেছেন সাঈদী। তাঁর পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন দুটি দাখিল করেন। আপিল বিভাগের আজ বৃহস্পতিবারের দৈনন্দিন কার্যতালিকায় আংশিক শ্রুত হিসেবে আপিল এবং ওই আবেদন ২৬ নম্বর ক্রমিকে রয়েছে।গতকাল সকালে সাঈদীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক ও এস এম শাহজাহান। শাহজাহান শুনানিতে সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দেওয়া রায় পড়ে শোনান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সাঈদীর পক্ষে আইনজীবী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনানিতেও একই ধরনের আবেদন করেছিল আসামিপক্ষ। আপিল বিভাগ ওই আবেদন খারিজ করেছিলেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে তাঁর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসা বালীকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে ধর্ষণের দুটি, ধর্মান্তরিত করার একটি এবং লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হয়। দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ায় অন্যগুলোতে আলাদা দণ্ড দেওয়া হয়নি। এই রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে। আসামিপক্ষ আপিলে মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে সাঈদীকে খালাসের আরজি জানায়। অন্যদিকে ছয়টি অভিযোগ প্রমাণিত হলেও দণ্ড না হওয়ায় এ ক্ষেত্রে সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত মঙ্গলবার সাঈদীর আপিলের পক্ষে শুনানি শুরু হয়।