একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বিচারপতির দায়িত্ব পালনের এখতিয়ার চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের শুনানি গ্রহণ শেষ হয়েছে।আজ এ রিটের ওপর আদেশ দেওয়া হবে। গতকাল সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত শুনানি শেষে আদেশের এ ক্ষণ নির্ধারণ করেন।জানা যায়, ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে হাইকোর্টের বিচারপতি নিজামুল হক ও সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীরের দায়িত্ব পালনের এখতিয়ার চ্যালেঞ্জ করে গত ১১ জুলাই রিটটি করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী নওয়াব আলী ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী আবেদনকারী হয়ে করা রিটটি ১৮ জুলাই আদালতে পেশ করা হয়। ওই দিন সরকারপক্ষ সময়ের আবেদন করলে আদালত গতকাল শুনানির দিন ধার্য করেন। এতে কোন কর্তৃত্ববলে তাঁরা দায়িত্ব পালন করছেন, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়।শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ট্রাইব্যুনাল হাইকোর্টের অধীন নয়। যে দুজন বিচারপতির কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে, তাঁরা হাইকোর্টের বিচারপতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের বিরুদ্ধে যাওয়ার একমাত্র ফোরাম সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো লাভজনক পদ নয়। ওই পদে নিয়োগ পাওয়ার পর তাঁরা বিচারকাজ পরিচালনা করছেন। ওই পদে তাঁদের নিয়োগ দিয়ে সংবিধানের কোনো অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়নি। তিনি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেই ট্রাইব্যুনালে দুই বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়। তাঁদের কাজের ব্যাপারে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারেন না। তাঁরা হাইকোর্ট বিভাগের অধীন নন। সরকার তাঁদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। এ ক্ষেত্রে তাঁরা স্বাধীন।শুনানিতে রিট আবেদনকারীদের আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, হাইকোর্টের সমান পর্যায়ের কোনো কিছু সৃষ্টি করার এখতিয়ার কারও নেই। সংবিধান কাউকে সে এখতিয়ার দেয়নি। সংবিধান অনুসারে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। এর ওপরে অথবা এর সমপর্যায়ে আর কোনো আদালত থাকতে পারে না। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আজ আদেশের দিন নির্ধারণ করেন।