হাইকোর্টে নিয়োগ পাওয়া ১৭ জন বিচারপতির মধ্যে শপথবাক্য পাঠ না করা দুই বিচারপতির নিয়োগ এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।তিনি বলেন, দুই বিচারপতি সম্পর্কে যে অভিযোগ উঠেছে তদন্ত করে দেখা গেছে যে তা সঠিক নয়। গতকাল রোববার আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।হাইকোর্টে নিয়োগ করা বিচারকদের মধ্যে কয়েকজনের এলএলবিতে তৃতীয় শ্রেণী থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হলে যে কাউকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না—এমন কোনো কিছু সংবিধানে নেই। তিনি বলেন, হাইকোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে দক্ষতা ও বিচারিক ক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হয়, এখানে এলএলবিতে তিনি কী ফলাফল করেছেন, সেটা মুখ্য বিষয় নয়।জেলকোড সংস্কারের ব্যাপারে আইনমন্ত্রী বলেন, জেলকোড সংস্কার ও যুগোপযোগী করতে সরকার উদ্যোগ নিয়েছে। খুব তাড়াতাড়িই জেলের আইন ও বিধি পরিবর্তনের জন্য আইন কমিশনকে বলা হবে।মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত তদন্ত সংস্থার অন্যতম তদন্তকারী কর্মকর্তা আবদুল মতীনের নিয়োগের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তাঁর নিয়োগ ভুল ছিল না। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ ওঠার পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আবদুল মতীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখা হয়েছে কি না, এমন প্রশ্ন করা হলে আইনমন্ত্রী সাংবাদিকদের ‘না’ বাচক জবাব দেন।উল্লেখ্য, মো. রুহুল কুদ্দুস এবং মোহাম্মদ খসরুজ্জামান গত ১১ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেলেও তাঁদের শপথ নেওয়া হয়নি। একই দিন একই পদে নিয়োগ পাওয়া অপর ১৫ জন ১৮ এপ্রিল শপথ নিয়েছেন।