দুই বিচারপতির বিষয়ে কাদের মোল্লার করা আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বিচারপতিকে আপিল শুনানি থেকে বিরত রাখতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। শুনানি শেষে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, দুই বিচারপতির বিষয়ে করা ওই আবেদন আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ফলে ছয় বিচারপতি আপিলের ওপর শুনানি গ্রহণ করবেন।কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে ১ এপ্রিল শুনানি শুরু হয়। তাঁদের মধ্যে দুই বিচারপতির বিষয়ে ৪ এপ্রিল কাদের মোল্লার আবেদন আদালতে দাখিল করা হয়। দুই বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।আবেদনের পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন ও তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অপর অভিযোগ থেকে তিনি খালাস পান। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও কাদের মোল্লা আপিল করেন।