দুই বিজিবি সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তে টহলরত অবস্থায় মদ্যপ বিজিবির দুই সিপাহির বিরুদ্ধে উত্তর গোবড়াকুড়া গ্রামের স্কুলছাত্রীকে (১২) যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বিজিবির দুই সিপাহিকে প্রত্যাহার (ক্লোজ) করে বিজিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত রোববার রাতে এ ঘটনার সময় স্থানীয় গ্রামবাসী ওই ছাত্রীর চিৎকারে এগিয়ে এসে বিজিবি সদস্য জাহাঙ্গীর আলমকে (২৮) আটক করে ধোলাই দিয়েছে। এ সময় অপর বিজিবি সদস্য খোরশেদ আলম পালিয়ে যান। আটক সিপাহি জাহাঙ্গীর নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বিলিনপুর গ্রামের আবুল কালামের ছেলে। ময়মনসিংহে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৭ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আবু দারদা মো. মাজ জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা মিলেছে। ঘটনাটি বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেনকে অবহিত করা হয়েছে। মহাপরিচালকের নির্দেশক্রমে এ ঘটনায় বিভাগীয় জোর তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।