দুই বিডিআর সদস্যসহ তিনজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ!
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে দুই বিডিআর সদস্য এবং বাংলাদেশি এক যুবককে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিডিআর গয়েশপুর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার সালেহ আহমেদ, সৈনিক আজাদ ও সুজাল হোসেন (২০) নামের স্থানীয় এক যুবক গতকাল সন্ধ্যায় গয়েশপুর সীমান্তের ৭২ নম্বর মেইন পিলারের পাশে অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা এসে তাঁদের ধরে জোর করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। তবে বিডিআরের কুষ্টিয়া সেক্টরের জেনারেল স্টাফ অফিসার সৈয়দ ফজলে হোসেন গতকাল রাতে বলেন, বিএসএফ নয়, ভারতীয় গ্রামবাসীরা ভুল করে ওই তিনজনকে ধরে নিয়ে গেছে। চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আহসান আহমেদের নেতৃত্বে বিডিআরের একটি প্রতিনিধিদল বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। মেজর আহসান আহমেদ জানান, পরিস্থিতি স্বাভাবিক। জানা যায়, দুই বিডিআর সদস্যসহ তিন বাংলাদেশিকে ভারতের মাটিয়ারি বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে।