
জাপানি ও ইতালীয় দুই বিদেশি হত্যার ঘটনাকে অত বড় করে দেখতে চান না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘কিছুই না, এটা কিছুই না (নাথিং, ইট ইজ নাথিং)’।
যুক্তরাষ্ট্র ও পেরু থেকে ২৫ দিন পর দেশে ফিরে গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।
জাতিসংঘের অধিবেশন এবং বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় অংশ নিতে তিনি দুই দেশে গিয়েছিলেন।
অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, ‘আপনি যখন পেরুতে ছিলেন, তখন বাংলাদেশে দুই বিদেশি নাগরিক খুন হন, পেরুতে বিষয়টি নিয়ে কোনো কথা উঠেছে কি না।’ জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নাথিং, ইট ইজ নাথিং’। সাংবাদিকদের কাছে পাল্টা প্রশ্ন তাঁর—‘আচ্ছা, বছরে কতজন বাঙালি মারা যায় নিউইয়র্কে?’ তিনি বলেন, মানুষ হত্যা, বিশেষ করে শহরে হত্যার রেকর্ডধারী দেশ হলো যুক্তরাষ্ট্র। তা ছাড়া সব জায়গায়ই এগুলো হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখায় কিছু সমস্যা থাকে। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চমৎকার
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে দেশে আসছেন না বলে শুনেছেন অর্থমন্ত্রী। এ বিষয়ে বক্তব্য কী— জানতে চাইলে মুহিত বলেন, ‘তিনি (খালেদা জিয়া) দেশে আসবেন না, আমি এ কথা বলিনি। তবে তিনি যে ওই দেশে বাড়িভাড়া নিয়েছেন, তা বেশ কিছু কাগজেই আছে।’ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা ইস্যুতে সতর্কবার্তা বজায় থাকবে কি না জানতে চাইলে মুহিত বলেন, সাত বছর ধরে যুক্তরাষ্ট্র একই নীতি বজায় রেখেছে। যতই চেষ্টা করা হোক না কেন, যুক্তরাষ্ট্র তাদের নীতি পরিবর্তন করবে বলে মনে হয় না।
দেশটির পলিসি বাংলাদেশের জন্য কখনোই স্বস্তিদায়ক ছিল না উল্লেখ করে মুহিত বলেন, ‘যদিও বাংলাদেশের এতে কিছুই যায়-আসেনি।’ বাংলাদেশ ও রাশিয়াকে অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা (জিএসপি) দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একই নীতি বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তাদের নীতি, তাদের বিষয় নিয়ে অবশ্য কিছু বলারও নেই। তিনি বলেন, ‘এটা নিয়ে হইচই করার কিছু দেখি না।’