দুই বিদেশি হত্যায় আইএস জড়িত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) জড়িত নয়। দেশটির ‘স্বাধীনতাবিরোধী শক্তি’ এসব ঘটিয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বিশ্লেষকেরা এমনটাই বলছেন। খবর দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়ার।

দ্য হিন্দুর খবরে বলা হয়, ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি নিরাপত্তা বিশ্লেষকেরাও জোরালোভাবে বিশ্বাস করেন, বাংলাদেশে আইএস নেই। পত্রিকাটি বলছে, বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যার বিষয়ে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো তাদের পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

দুটি হত্যাকাণ্ড কোনো ‘বিচ্ছিন্ন ঘটনা নয়’ মন্তব্য করে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্বাধীনতাবিরোধী শক্তি’, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের চলমান বিচারে ক্ষুব্ধ, তারাই এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওই শক্তির লক্ষ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করা।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো মনে করে, ইতালীয় নাগরিক সিজার তাবেলা ও জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডে আইএসের সম্পৃক্ততার কথা বিশ্বাসযোগ্য নয়। বরং জামায়াতে ইসলামীই এর পেছনে জড়িত বলে তাদের ধারণা। দলটি এর মাধ্যমে পাশ্চাত্যের দেশগুলোর মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে।