দুই বিদেশির হত্যাকারীদের খুঁজে বের করবই: প্রধানমন্ত্রী

দুই বিদেশিকে যারা খুন করেছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ এবং আইসিটি পুরস্কার অর্জন করায় শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআইয়ের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশিদের যারা খুন করেছে, তাদের খুঁজে বের করবই। বিচারও করব।’ তিনি বলেন, দেশের ভাবমূর্তি যারা ক্ষুণ্ন করছে, যারা জঙ্গিবাদের মদদ দিচ্ছে, তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যখনই বাধাবিঘ্ন অতিক্রম করে সামনে এগিয়ে যেতে চায়, বাংলার মানুষ যখনই মাথা উঁচু করে বাঁচতে চায়, তখনই দেশি-বিদেশি ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যে সময় আমাদের কাজকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করছে, ঠিক তখনই দুজন বিদেশিকে হত্যা করা হলো। এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড।’
প্রধানমন্ত্রী বলেন, মানুষ যেন নিরাপদে থাকতে পারে, স্বাচ্ছন্দ্যে ব্যবসা-বাণিজ্য করতে পারে, এটাই তার সরকারের চাওয়া। তিনি বলেন, ‘আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে বাংলার মাটিতে এসেছি। আমার পাওয়ার আর কিছু নেই। তবে যারা এ দেশের ক্ষতি করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’
আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ দল ব্যবসা করে না। তবে ব্যবসা করে দেওয়ার পরিবেশ তৈরি করে দেয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। স্বাগত বক্তৃতা দেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। এ ছাড়া আরও বক্তব্য দেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রথম সহসভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ও সহসভাপতি মাহবুবুল আলম।