দুই বিদ্যালয় দখল করে পুলিশের তদন্তকেন্দ্র!
কক্সবাজারের টেকনাফ উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট মার্টিন ও উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দখল করে কয়েক বছর ধরে পুলিশের তদন্তকেন্দ্র (ফাঁড়ি) হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে দুই বিদ্যালয়ের এক হাজার ১৭৯ শিক্ষার্থীর পড়ালেখা ব্যাহত হচ্ছে। কয়েক বছর আগে সেন্ট মার্টিন ও বাহারছড়ায় জমি অধিগ্রহণ করা হলেও তদন্তকেন্দ্রের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে না। এই সত্যতা নিশ্চিত করে সদ্য যোগদানকারী কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, নিজস্ব জমিতে পুলিশ ফাঁড়ি নির্মাণ করে সহসা ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য বিদ্যালয় দুটি ছেড়ে দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয় দুটির ওপর তলায় পুলিশের তদন্তকেন্দ্র স্থাপন করায় কোমলমতি শিক্ষার্থীরা মৃতদেহ, রক্তাক্ত মানুষ, ডাকাত, অস্ত্র ও মারধর দেখে ভয় পাচ্ছে। এসব কারণে কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে চায় না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত সেন্ট মার্টিন দ্বীপের প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়। পরবর্তী সময়ে এটিকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের আদলে তিন তলা করা হয়। বর্তমানে এই বিদ্যালয়ে ৫৫৭ জন ছাত্রছাত্রী রয়েছে। তিনজন শিক্ষক এতদিন শিক্ষার্থীদের পাঠদান দিলেও গত পাঁচ বছর ধরে বিদ্যালয়টি পুলিশ দখল করায় সমস্যার সৃষ্টি হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এনামুল হক জানান, পুলিশ তদন্তকেন্দ্রটিতে জনসাধারণের আনাগোনা ও সপ্তাহের প্রতিদিন ২০ থেকে ২৫টি বিচার পরিচালনা করায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাঘাত হচ্ছে। কয়েকটি কক্ষ পুলিশের দখলে থাকায় ৪০ জনের ধারণক্ষমতাসম্পন্ন তিনটি শ্রেণীকক্ষে গাদাগাদি করে সর্বোচ্চ ১৩০ জনকে পাঠদান দিতে হচ্ছে। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আবু বক্কর ছিদ্দিকী জানায়, হাতে অস্ত্র ও পোশাক পরা পুলিশ দেখলে তারা ভয় পায়। চোর-ডাকাত ধরে বিদ্যালয়ে এনে মারধর করলে কান্না পায়। একই অবস্থা বিরাজ করছে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার শামলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। প্রায় ১০ বছর ধরে বিদ্যালয়টি পুলিশের দখলে থাকায় ৬২২ জন শিক্ষার্থীর পড়ালেখা ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের চর্তুথ শ্রেণীর শিক্ষার্থী ফরিদা ইয়াসমিন জানায়, অনেক সময় লাশ দেখে তার ভয় লাগে। অধিকাংশ সময় বিচার চলাকালে হট্টগোল ও চিৎকারে ক্লাস করতে সমস্যা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ জানান, পুলিশ ফাঁড়িতে বিভিন্ন সময় মারামারিতে আহত লোকজন ও অপরাধীর মৃতদেহ এবং রক্তাক্ত লোকজন দেখে শিশুরা ভয় পায়। ভয়ে শিশুরা জ্ঞান হারিয়ে ফেলার একাধিক নজিরও রয়েছে।বাহারছড়া তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বিলাল হোসেন বলেন, ‘শামলাপুর বাজারের উত্তর পাশে তদন্তকেন্দ্র নির্মাণের জন্য জমি নির্ধারিত রয়েছে। সহসা ওই জমিতে সরকারিভাবে ভবন নির্মাণ শুরু করা হচ্ছে। তখন আমরা বিদ্যালয়টি ছেড়ে দিতে পারব। একই দাবি করেন সেন্ট মার্টিন ফাঁড়ির এএসআই জামশেদ আলম।’টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোবারক আকতার জানান, বিদ্যালয় দুটির অধিকাংশ কক্ষ পুলিশের দখলে থাকায় এবং নানা কর্মকাণ্ড দেখে শিশু শিক্ষার্থীদের মধ্যে ভয় কাজ করে। অনেকে অভিভাবক ছাড়া বিদ্যালয়ে আসতে চায় না। এতে করে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।