দুই বিদ্যালয়ে একজন করে শিক্ষক
বিদ্যালয় দুটিতে ছাত্রছাত্রী ২৬০ জন। এত বিপুলসংখ্যক ছাত্রছাত্রীর বিপরীতে কমপক্ষে আটজন শিক্ষক থাকা উচিত। কিন্তু আছেন দুজন। এতে পাঠদানের কার্যক্রম গুরুতরভাবে ব্যাহত হচ্ছে। বেশির ভাগ সময় এ দুই শিক্ষক ক্লাস নিতে গিয়ে হাঁপিয়ে ওঠেন। এই দুই বিদ্যালয়ের একটি রাজশাহীর বাগমারা উপজেলার রামপুরপাথার সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরেকটি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মাটিয়ানী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।পীরগঞ্জের মাটিয়ানী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ এপ্রিল বেলা একটায় গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা বারান্দা, মাঠ ও গাছতলায় ছোটাছুটি ও হইচই করছে। তারা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। হঠাৎ একটি শ্রেণীকক্ষ থেকে বের হয়ে এলেন একজন শিক্ষক। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা ঢুকে পড়ল নিজ নিজ শ্রেণীকক্ষে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠদান শেষে তিনি ওই তিন শ্রেণীর শিক্ষার্থীদের সামলান। এক বছর ধরে চলছে এ অবস্থা।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ে শিক্ষকের পদ আছে চারটি। ২০০৮ সালের ২৫ জুন প্রধান শিক্ষক মো. জমিরুল ইসলাম, একই সালের ৪ জানুয়ারি সহকারী শিক্ষক আবদুর রহমান, ২০০৯ সালের ১ আগস্ট সহকারী শিক্ষক মো. দবিরউদ্দীন এবং গত বছরের ১৮ জানুয়ারি মধুসূদন রায় অবসরে যান। কলিযুগ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরবিন্দ নাথ রায়কে ২০১০ সালের ২১ জানুয়ারি প্রেষণে এ বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। এরপর এখানে আর কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি।অরবিন্দ নাথ রায় বলেন, ‘সকাল নটায় আসি, বেলা সাড়ে তিনটায় যাই। এভাবে একটানা ক্লাস নিতে খুব কষ্ট হয়।’উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রত্যুষ চ্যাটার্জি বলেন, মাটিয়ানী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসংকট নিরসনে বেসরকারি স্কুলের একজন শিক্ষককে ডেপুটেশনে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।বাগমারা উপজেলার রামপুরপাথার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একজন প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে আছেন একজন। কয়েক মাস ধরে চলছে এ অবস্থা।খোঁজ নিয়ে জানা গেছে, গত জানুয়ারি মাসে সহকারী শিক্ষক সেলিনা পারভীন এক বছরের প্রশিক্ষণের জন্য রাজশাহী পিটিআইয়ে গেছেন। কিছুদিন পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বদলি হয়ে অন্যত্র যান। ওই সময় থেকে সহকারী শিক্ষক হোসনে আরা একাই পাঠদানসহ বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন।হোসনে আরা জানান, একাই তাঁকে বিদ্যালয়ের দেড় শ শিক্ষার্থী সামলাতে হয়। পাঁচটি শ্রেণীর ক্লাস তাঁর একার পক্ষে নেওয়া সম্ভব হয় না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, ‘ওই প্রতিষ্ঠানে আরও একজন শিক্ষক নিয়োগের জন্য জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রস্তাব পাঠিয়েছি।’