দুই বিদ্যালয়ের প্রধানকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়া উপজেলার দুটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে তলব করেছে। দুই প্রধান শিক্ষক গতকাল রোববার দুদকের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তাঁদের আগামী বুধবার ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির থাকতে বলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘৩০৬ মডেল স্কুল রূপান্তর প্রকল্প’-এর আওতায় জুড়ী উপজেলা সদরের মডেল এবং কুলাউড়া সদরের নবীনচন্দ্র উচ্চবিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন, বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহ ও ভবন নির্মাণকাজে দুর্নীতির বিষয়ে দুদক একটি অভিযোগ পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে উপপরিচালক বেনজির আহমদ স্বাক্ষরিত একটি চিঠি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়। শিক্ষা কর্মকর্তা ৩ জানুয়ারি দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের নামে আলাদা চিঠি পাঠান।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ জুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান এবং নবীনচন্দ্র উচ্চবিদ্যালয়ের আমির হোসেনকে চিঠি দেওয়ার কথা নিশ্চিত করেন। ওই দুই শিক্ষক জানান, ওই প্রকল্পের আওতায় তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব কম্পিউটার এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি দেওয়া হয়েছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে। আর ভবনের কাজও চলছে।