দুই বিদ্যালয়ের মাঠে আলুর হাট, পাঠদানে বিঘ্ন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর উচ্চবিদ্যালয় ও জিয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতি শনি ও বুধবার হাট বসে। এর ফলে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের শ্রেণীকক্ষ ব্যবহার করেন আলুর ব্যাপারিরা। হাটের দিন হইচই আর ধুলাবালির জন্য তারা কোনো ক্লাস করতে পারে না। প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে কয়েকবার অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি।গত শনিবার সরেজমিনে দেখা যায়, জিয়ানগর বাজারের পাশে জিয়ানগর উচ্চবিদ্যালয় ও জিয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় একই চত্বরে অবস্থিত। আলুর ব্যবসায়ীরা দুটি বিদ্যালয়ের মাঠ, শ্রেণীকক্ষ ও বারান্দায় কেনাবেচা করছেন। ব্যবসায়ীরা উচ্চবিদ্যালয়ের কয়েকটি শ্রেণীকক্ষের মধ্যে আলুর বস্তাও রেখেছেন। হাটের ধুলাবালি আর হইচইয়ের মধ্যে চলছে শিক্ষার্থীদের পাঠদান।কয়েকজন আলু ব্যবসায়ী জানান, মাঠে বেচাকেনার জন্য তাঁরা ইজারাদারকে নিয়মিত খাজনা দেন। হাটের ইজারাদার রফিকুল ইসলাম বলেন, জিয়ানগর বাজারের যে সীমানা, তা দিয়ে হাট চলে না। শুধু আলুর মৌসুমে স্কুলের মাঠ ব্যবহার করা হয়। এতে ক্লাসেরই বা কী ক্ষতি হয়।বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, হাটবারের দিন ক্লাসে গিয়ে পড়ানো যায় না। একদিকে হইচই, আরেক দিকে হাটের ধুলাবালিতে নাক-কান বন্ধ হয়ে আসে। বিশেষ করে, ছাত্রীদের যাতায়াত আরও কষ্টকর হয়ে পড়ে। এ ব্যাপারে প্রধান শিক্ষককে জানিয়েও কোনো লাভ হয়নি। জিয়ানগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোত্তালেব বলেন, স্থানীয় লোকজনকে নিয়ে বিদ্যালয় চালাতে হয়। আলুর মৌসুমে হাটে জায়গা হয় না বলে তাঁরা মাঠ ব্যবহার করেন। এতে ক্লাসের কোনো অসুবিধা হয় না।প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, ‘আমরা বহুবার হাট বসাতে বাধা দিয়েছি। কিন্তু কেউ কথা শোনে না।’উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ারুল আজাদ বলেন, ‘গোটা মাঠই প্রাথমিক বিদ্যালয়ের। ওই বিদ্যালয়ের কমিটির লোকজন যোগসাজশ করে মাঠে হাট বসায়। আমরা বিরোধিতা করলেও কোনো কাজ হয়নি।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তার পরও এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়ে মাঠে হাট বসানো বন্ধের ব্যবস্থা নেব।’ ইউএনও মামুনুর রশিদ বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসের ক্ষতি করে কোনো ইজারাদারকে মাঠ ব্যবহার করতে দেওয়া যাবে না। শিক্ষা কর্মকর্তাকে নিয়ে কী ব্যবস্থা নেওয়া যায়, দেখছি।’