দুই বিদ্রোহী প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার
বান্দরবান পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী দুই কাউন্সিলর পদপ্রার্থী ও তাঁদের সহযোগী দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের উপস্থিতিতে তাঁর বাসভবনে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় বিদ্রোহী কাউন্সিলর পদপ্রার্থী ও তাঁদের সহযোগীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শামসুল হককে শ্রমিক লীগের পৌর সভাপতির পদ থেকে, সংরক্ষিত নারী ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রহিমা বেগমকে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিদ্রোহী দুই কাউন্সিলর প্রার্থীকে সহযোগিতার জন্য পৌর আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে সিরাজুল ইসলামকে এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পরিমল দাশকে বহিষ্কার করা হয়েছে।
শহরের দেওয়ানজী পুকুরপাড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মংওয়ে প্রু চৌধুরী, সদস্যসচিব মোজাম্মেল হক বাহাদুর, সদস্য এ কে এম জাহাঙ্গীর, লক্ষ্মীপদ দাশ, অনিল কান্তি দাশ প্রমুখ।