দুই বিদ্রোহীকে নিয়ে বিড়ম্বনা
কুড়িগ্রাম পৌরসভায় ‘বিদ্রোহী’ প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। এখানে কেন্দ্র থেকে পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল মনোনয়ন পেয়েছেন। তিনি ছাড়া আরও দুজন দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারণা চালাচ্ছেন।
ওই দুজন বিদ্রোহী প্রার্থী হলেন কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম ও যুগ্ম সম্পাদক সাঈদুল ইসলাম। প্রভাবশালী এই দুই নেতা প্রার্থী হওয়ায় দলের নেতা-কর্মী ও সমর্থকেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্বে।
দলীয় নেতারা বলেন, কুড়িগ্রাম জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা বৈঠক করে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলামের নাম মনোনয়নের জন্য প্রস্তাব করে ঢাকায় পাঠান। কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কেন্দ্র থেকে আবদুল জলিলকে নৌকা মার্কার টিকিট দেওয়া হয়। এরপরও দলের গুরুত্বপূর্ণ এই দুই নেতা প্রার্থী হওয়ায় নেতা-কর্মীরা বিপাকে পড়েছেন। অনেক নেতা এ বিষয়ে মুখও খুলছেন না। দলের ভেতরে এখন মান-অভিমান বিরাজ করছে।
কাজিউল ইসলাম বলেন, ‘নেতা-কর্মীরা চাইছেন আমি নির্বাচন করি। তাই মনোনয়নপত্র জমা দিয়েছি।’ অপর প্রার্থী সাঈদুল ইসলাম বলেন, ‘মানুষের ভালোবাসা নিয়ে স্বতন্ত্র নির্বাচন করব।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ জাফর আলী বলেন, ‘আমরা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কাজ করছি। বিদ্রোহী দুই প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর চেষ্টা করছি।’