দুই বিভাগীয় প্রধানের পদত্যাগ, উপাচার্য চার ঘণ্টা অবরুদ্ধ
দুই বিভাগীয় প্রধানের পদত্যাগকে কেন্দ্র করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য মো. আমিনুল হক ভূইয়াকে তাঁর কার্যালয়ে চার ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন ওই বিভাগগুলোর শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রশাসন ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থান বরাদ্দ নিয়ে প্রশাসনের সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ায় সোমবার সকালে পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সৈয়দ বদিউজ্জামান ফারুক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান শরীফ মো. শরাফউদ্দিন পদত্যাগ করেন। পরে ওই বিভাগের কয়েকজন শিক্ষক ক্লাস-পরীক্ষা নেওয়া বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার কার্যালয়ের ভবনের প্রধান ফটকে বেলা সাড়ে ১২টার দিকে তালা দেন। পরে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সৈয়দ বদিউজ্জামান ফারুক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান শরীফ মো. শরাফউদ্দিন পদত্যাগ করায় তাঁদের বিভাগে অচলাবস্থা বিরাজ করছে। ক্লাস-পরীক্ষা হচ্ছে না। তাই তাঁরা উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন করছেন।
যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক গণমাধ্যমকর্মীদের বলেন, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও পদার্থবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের মধ্যে আগের একটি দ্বন্দ্বের জের ধরে দুই বিভাগীয় প্রধানের পদত্যাগে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আলাপ আলোচনা করে তা সমাধান করা হবে।