দুই বিভাগে কোনো শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজে সমাজকল্যাণ ও জীববিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক নেই। এ অবস্থায় ওই দুই বিভাগের ১ হাজার ৯২১ জন শিক্ষার্থীর পাঠদান জোড়াতালির মাধ্যমে চলছে।
কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাজকল্যাণ বিভাগে প্রভাষকের একটি পদ রয়েছে। দীর্ঘদিন ওই বিভাগে কোনো শিক্ষক নেই। একরকম জোড়াতালি দিয়েই চলছে পাঠদান। ২০১৪ সালের ১৪ মে প্রভাষক মোহাম্মদ মঈন উদ্দীনকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে বদলি করা হয়। এরপর থেকে সমাজকল্যাণ বিভাগটি শিক্ষকশূন্য।
বিভাগের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ওই বিভাগে ডিগ্রি পাস কোর্স ও ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ১ হাজার ৯২১ জন শিক্ষার্থী রয়েছে। কোনো শিক্ষক না থাকায় কর্তৃপক্ষ জোড়াতালির মাধ্যমে ক্লাস চালিয়ে যাচ্ছে।
কলেজের জীববিজ্ঞান বিভাগের একমাত্র শিক্ষক আবদুল হাই এক বছর আগে ঢাকায় বদলি হওয়ায় এ বিভাগটিও শিক্ষকশূন্য হয়ে পড়ে।
অধ্যক্ষ প্রদীপ কুমার আচার্য বলেন, সমাজকল্যাণ ও জীববিজ্ঞান বিভাগে শিক্ষক দেওয়ার জন্য প্রতি মাসেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর শূন্য পদের তালিকা পাঠানো হচ্ছে।