জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল চর্ম ও যৌনরোগের চিকিৎসক ছাড়াই চলছে সাড়ে চার বছর ধরে। আড়াই বছর ধরে নাক-কান-গলার কোনো চিকিৎসক নেই। গুরুত্বপূর্ণ এ দুটি বিভাগে চিকিৎসক না থাকায় প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে। হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ১০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের চিকিৎসক ২০০৭ সালের ১৪ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকে পদটি শূন্য। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পদটিও শূন্য। ওই দুটি বিভাগে চিকিৎসক না পেয়ে রোগীদের বাধ্য হয়ে জেলা সদরে অথবা জেলার বাইরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি ভোগান্তিও বাড়ছে। আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের আবদুল গফুর বলেন, তাঁর ছেলে গোলজার হোসেনের নাক ও কানের সমস্যা দেখা দিলে হাসপাতালে গিয়ে জানতে পারেন, সেখানে নাক-কান-গলার কোনো চিকিৎসক নেই। বাধ্য হয়ে তিনি নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে ছেলের চিকিৎসা করাচ্ছেন। হাসপাতালে চর্ম ও যৌন চিকিৎসক না থাকায় একই অবস্থা রোগীদের। বহির্বিভাগে কর্মরত একাধিক সেবিকা (নার্স) জানান, প্রতিদিন হাসপাতালে ৬০০ থেকে ৭০০ রোগী চিকিৎসা নিতে আসে। এর মধ্যে শতাধিক রোগী থাকে নাক-কান-গলা এবং চর্ম ও যৌন রোগে আক্রান্ত। তাদের কেউ কেউ মেডিসিন বিশেষজ্ঞের চিকিৎসা নেয়। অনেকেই চিকিৎসা না নিয়ে ফিরে যায়। হাসপাতালের চিকিৎসা-সেবা পরিচালনা কমিটির সদস্য রাজা চৌধুরী জানান, দীর্ঘদিন থেকে ওই দুটি পদে কোনো চিকিৎসক নেই। এমনকি এ ক্ষেত্রে জরুরি চিকিৎসা নেওয়ার সুযোগও জয়পুরহাটবাসীর নেই। চিকিৎসকের শূন্যপদ পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত ওই দুটি পদ পূরণ হয়নি। সিভিল সার্জন মোজাম্মেল হক ওই দুটি বিভাগে চিকিৎসকের পদ শূন্য থাকার কথা স্বীকার করে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে এখনো ওই দুটি পদে কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি।