দুই বিভাগের টানাটানি সেতু নির্মাণ বন্ধ
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রশি টানাটানিতে নাটোরে একটি সেতু নির্মাণের কাজ আটকে গেছে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে কাজ শেষ করতে না পারলে প্রকল্পের অর্থ সরবরাহও বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়াল নদের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গত বছর জয়ন্তীপুর-চংধুপইল সেতু নির্মাণের কাজ শুরু করে। ভাটিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রেগুলেটর বন্ধ রাখায় সেতু এলাকায় বেশি পানি আটকে আছে। এতে দুটি স্প্যান নির্মাণ করতে না পারায় সেতুর কাজ ছয় মাস ধরে বন্ধ রয়েছে। এলজিইডি বারবার অনুরোধ করলেও পাউবো কৃষকদের ক্ষতি হওয়ার অজুহাত দেখিয়ে রেগুলেটর খুলে রেখেছে। নাটোর এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর থেকে লালপুর উপজেলার চংধুপইল পর্যন্ত বড়াল নদের ওপর ৮০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য গত বছরের ২০ এপ্রিল কার্যাদেশ দেওয়া হয়। নাটোরের মেসার্স রহমান কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়ে ওই সময় থেকেই কাজ শুরু করে। ছয় মাস আগে এর ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। নদের মাঝখানের দুটি স্প্যানের (৪০ মিটার) কাজ এখনো অসমাপ্ত রয়েছে। এলজিইডি সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাটিতে আটঘরিয়া রেগুলেটর বন্ধ করে বড়াল নদের পানি আটকে রেখেছে। এতে সেতুর নিচে মাঝ বরাবর এখনো ২০ ফুট গভীর পানি আছে। এ কারণে ঠিকাদার নদের ওই অংশে সেতুর দুটি স্প্যান স্থাপন করতে পারছেন না। নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন বলেন, ‘পাউবো রেগুলেটরটি কয়েক দিনের জন্য খুলে দিলেও কাজ শুরু করা যেতে পারে। আমরা পাউবোকে চিঠি দিয়ে এটি খোলা রাখার অনুরোধ করেছি। কিন্তু তারা রেগুলেটর খোলা রাখতে রাজি হয়নি। আগামী ২৯ জানুয়ারির মধ্যে সেতু ও সংযোগ সড়ক নির্মাণ শেষ করতে না পারলে অর্থ সরবরাহ বন্ধ হয়ে যাবে। কারণ, আগামী জুনে এ প্রকল্প শেষ হয়ে যাবে। তখন আর কিছুই করার থাকবে না।’ পাউবো নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক বলেন, প্রতিবছর বর্ষায় পদ্মা নদী থেকে বড়াল নদে পানি ঢোকার পর তা কৃষিকাজে ব্যবহারের জন্য আটঘরিয়া রেগুলেটরটি বন্ধ করে দেওয়া হয়। এবারও তা-ই করা হয়েছে। তিনি বিকল্প ব্যবস্থা অবলম্বন করে ব্রিজ নির্মাণ করার পরামর্শ দেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, নদের এক পারে জেলা সদর, কাদিরাবাদ সেনানিবাস ও বেশ কিছু স্কুল-কলেজ রয়েছে। অন্য পারে আবদুলপুর রেল জংশন ও বেশকিছু স্কুল-কলেজ রয়েছে। এ কারণে সেতুটির নির্মাণকাজ শেষ করা জরুরি। এ সেতু হলে দুই উপজেলার চার লক্ষাধিক মানুষ উপকৃত হবে। স্থানীয় কৃষক হেকমত আলী বলেন, ‘এবার বৃষ্টি বেশি হওয়ায় মাটিতে রস আছে। নদীর পানি কয়েক দিনের জন্য ছেড়ি দিলে কোনো ক্ষতি হবি না। আমরা কেউ এখন নদী থ্যাকি পানি নিচ্ছি না। ব্রিজটা আগে সারা হউক।’ ঠিকাদার আসাদুর রহমান বলেন, ‘নদীতে অস্বাভাবিক পানি না থাকলে আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারতাম। আমরা পাউবো ও এলজিইডিকে চিঠি দিয়ে আটঘরিয়া রেগুলেটরটি কিছু দিনের জন্য খুলে দেওয়ার অনুরোধ করেছি।’