দুই বিভাগের পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের ভাঙচুর-তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও মার্কেটিং বিভাগের গতকাল রোববারের পরীক্ষা বন্ধ করে দিয়ে শিক্ষকদের কক্ষে তালা লাগিয়ে দেন একদল শিক্ষার্থী। তাঁরা কলা ভবনের ফটকে তালা দেওয়ার পাশাপাশি ফুলের টব ও ইংরেজি বিভাগের প্রধানের কার্যালয় ভাঙচুর করেন। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকালের পরীক্ষা স্থগিত করে। তবে আজ সোমবার থেকে সব পরীক্ষা যথারীতি চলবে বলে ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় ইংরেজি তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি নির্ধারিত ছিল। সকালে শিক্ষকেরা কলা ভবনের পরীক্ষাকক্ষে প্রশ্ন ও খাতা নিয়ে যেতে চাইলে ইংরেজি বিভাগের ছাত্র সৈয়দ শাহরিয়ার মাহমুদের নেতৃত্বে একদল শিক্ষার্থী শিক্ষকদের বাধা দেন। তাঁরা শিক্ষকদের কক্ষে ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন। একই সঙ্গে বিভাগীয় প্রধানের কক্ষের সামনের নামফলক তুলে ফেলেন। বিভাগের সামনের বারান্দায় রাখা ফুলের টব লাঠি দিয়ে পিটিয়ে ভাঙচুর করেন। এরপর তাঁরা পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরে শিক্ষকেরা পরীক্ষা না নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ফিরে যান।জানা যায়, শাহরিয়ারসহ তিন শিক্ষার্থীর আজ সোমবার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের একটি মান উন্নয়ন পরীক্ষা থাকায় তাঁরা নিয়মিত চূড়ান্ত পরীক্ষা বন্ধ করে দেন।জানতে চাইলে সৈয়দ শাহরিয়ার মাহমুদ প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত বিভাগের গ্রন্থাগার, সেমিনারকক্ষ ও ভাষা প্রশিক্ষণকেন্দ্র হয়নি। যে কারণে আমরা আন্দোলন করেছি। মান উন্নয়ন পরীক্ষার আগে দুই-তিন দিন বিরতি না থাকায় সবাই মিলে ওই আন্দোলন করেছেন। ভাঙচুর ও তালা দেওয়া নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মো. মুহসিন উদ্দীন বলেন, মান উন্নয়ন পরীক্ষার কারণে নিয়মিত পরীক্ষা কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। এমনিতেই বিভাগে সেশনজট লেগে আছে। তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়ে আমি আগে কখনো শুনিনি। পরীক্ষা পেছানোর দাবি তুলে ওরা অহেতুক আন্দোলন করেছে। দুই-তিনজন মান উন্নয়ন পরীক্ষার্থীর কারণে স্বাভাবিক পরীক্ষা ব্যাহত করা যায় না। আমাদের পূর্বঘোষিত সব পরীক্ষা যথারীতি চলবে।’ এদিকে মার্কেটিং চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষাও গতকাল অনুষ্ঠিত হয়নি। ওই বিভাগের শিক্ষার্থীরা রোজার পর পরীক্ষা দেওয়ার দাবি জানিয়ে পরীক্ষায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন। মার্কেটিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. আবদুল্লাহ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ইংরেজি ও মার্কেটিং বিভাগের গতকালের পরীক্ষা হয়নি। আজ সোমবার থেকে এসব বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে সুপারিশ করা হয়েছে।