দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, বহিষ্কার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর। লাঞ্ছিত করার ঘটনায় এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নৃবিজ্ঞান ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মধ্যে আন্তবিভাগ ফুটবলের সেমিফাইনাল খেলা চলছিল। খেলার শেষ পর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীরা পরস্পরকে কটূক্তি করতে থাকেন। পরে তর্কে জড়িয়ে পড়েন। এর একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে আইপিই বিভাগের আরিফ, রাদিন ও মুসা নামের তিন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে আরিফের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে লাঞ্ছিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান।
এদিকে দায়ীদের বিচারের দাবিতে বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরিবহন চলাচলে অবরোধ সৃষ্টি করেন আইপিই বিভাগের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিচারের আশ্বাস দিলে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। আর রাতে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগে আসিফ হোসেন নামের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমস্যা সমাধানে উভয় বিভাগের প্রধানের সঙ্গে উপাচার্য বৈঠক করেছেন।