পূর্ণাঙ্গ বিভাগীয় কার্যক্রম চালু ও শিক্ষক নিয়োগের দাবিতে গতকাল রোববার রংপুরের কারমাইকেল কলেজের মার্কেটিং ও ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফিন্যান্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সরাবন তহুরা ও মার্কেটিং প্রথম বর্ষের শিক্ষার্থী খায়রুল ইসলাম। সমাবেশের আগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
কলেজ সূত্র জানায়, ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে মার্কেটিং ও ফিন্যান্স বিভাগ চালু করা হয়। কিন্তু এ দুই বিভাগের নিজস্ব কোনো বিভাগীয় কার্যক্রম নেই। নেই কোনো শিক্ষক। নেই সেমিনার কক্ষও। ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক দিয়ে কোনোরকমে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। বর্তমানে এ দুটি বিভাগের তিন বর্ষে শিক্ষার্থী রয়েছেন ৪৪০ জন।
কলেজের অধ্যক্ষ মোকসেদ আলী বলেন, শিক্ষক নিয়োগসহ পূর্ণাঙ্গ বিভাগীয় কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সে জন্য ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞানের দুজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।