নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
দুই বিভাগের ৫০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত
অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থী। এ নিয়ে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
একই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারাও। সমিতির সাধারণ সম্পাদক মারুফ উল আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘দুটি বিভাগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্তটি সম্পূর্ণ হঠকারী। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। অবিলম্বে সিদ্ধান্তটি পরিবর্তন করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনা উচিত।’
ঈদের ছুটির পর আগামী ২০ আগস্ট বিশ্ববিদ্যালয় খুললে ক্যাম্পাসে ঢুকতে পারবেন না ওই দুটি বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, কয়েকটি যৌক্তিক দাবিতে তাঁরা আন্দোলন করেছিলেন। কর্তৃপক্ষও লিখিতভাবে দাবি মেনে নেওয়ার অঙ্গীকার করেও পরে অস্বীকার করে। শুধু তা-ই নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেই তাঁদের (শিক্ষার্থীদের) শিক্ষকদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হয়। যার দরুন শিক্ষকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে।
নোয়াখালী শহরের বাসিন্দা রফিকুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা বলে আবার অস্বীকার করে তাঁদের আন্দোলনের দিকে ঠেলে দেয়। এখন একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ যে খেলা শুরু করে দিয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।’ জানা গেছে, শনিবার একাডেমিক কাউন্সিলের যে বৈঠকে দুটি বিভাগের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত হয়— ওই বৈঠকে বিভাগীয় প্রধানদের অনেকেই উপস্থিত ছিলেন না। একাধিক সদস্য একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবের বিরোধিতাও করেন, কিন্তু কাজ হয়নি। সিদ্ধান্তের ক্ষেত্রে উপাচার্যের মতেরই প্রতিফলন ঘটে।