দুই বিমান কর্মকর্তার ব্যাংক হিসাব তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা চোরাচালানের অভিযোগে আটক বাংলাদেশ বিমানের দুই কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক।
দুই কর্মকর্তা হচ্ছেন বিমানের চিফ অব প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং ক্যাপ্টেন আবু মো. আসলাম শহীদ ও শিডিউল শাখার ম্যানেজার মো. তোজাম্মেল হোসেন। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (এফআইইউ) থেকে ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।
সূত্র জানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অনুরোধে বিমানের এ দুই কর্মকর্তার তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট জঙ্গি বা সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ, মানি লন্ডারিং ও অর্থ পাচার প্রতিরোধে কাজ করে। আবার সরকারের কোনো সংস্থা তথ্য চেয়ে পাঠালে তা-ও সরবরাহ করে থাকে।
গত ১২ নভেম্বর বাংলাদেশ বিমানের কেবিন ক্রু মাজহারুল রাসেলকে দুই কেজি ৬০০ গ্রাম সোনাসহ গ্রেপ্তার হন। এরপর বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়, যার তদন্ত করছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। রাসেলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বিমানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম আসে। এ সূত্র ধরেই ব্যাংক হিসাব তলব করা হয়েছে।