দুই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি ১৫ জুন সহ-উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করবেন। গত মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিশ্ববিদ্যালয়-২) লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। ইফতেখার উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বরেণ্য সমাজবিজ্ঞানী হিসেবে পরিচিত।
নোয়াখালীতে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট অব এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক এম অহিদুজ্জামান। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি শূন্য হয়।